রৌমারী সীমান্ত
কুড়িগ্রাম প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৬ ১১:৪২ এএম
রৌমারী গয়টাপাড়া সীমান্তে শূন্যরেখায় ৪০ ঘণ্টা ধরে অবস্থান করছেন নারী-শিশুসহ ৯ জন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইনের চেষ্টার শিকার নারী-শিশুসহ ৯ জন ৪০ ঘণ্টা ধরে দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
তাদের বিষয়ে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত কোনো সমাধান না হওয়ায় তৈরি হয়েছে মানবিক সংকট।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার সকালে রৌমারী উপজেলার গয়টাপাড়া ও ভেন্দুরচর সীমান্ত দিয়ে ওই ৯ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। বিষয়টি জানতে পেরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিকভাবে বাধা দিলে তারা সীমান্তের শূন্যরেখার কাছাকাছি অবস্থান নেয়। এরপর থেকে নারী ও শিশুসহ সবাই খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
এ ঘটনায় ওইদিন দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। বৈঠকে উভয়পক্ষ নিজেদের অবস্থান তুলে ধরলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও নাগরিকত্ব যাচাইয়ের বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় তারা এখনও সীমান্তেই অবস্থান করছেন।
সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা জানান, নারী ও শিশুদের দীর্ঘ সময় ধরে শূন্যরেখায় রোদ-বৃষ্টিতে মানবেতর অবস্থায় থাকতে দেখে তারা উদ্বিগ্ন। দ্রুত মানবিক ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে বিষয়টির সমাধান হওয়া প্রয়োজন বলে তারা মনে করছেন।
এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “রবিবার দুপুরে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ আলোচনা হলেও কোনো সমাধান হয়নি। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় কূটনৈতিক ও সীমান্ত পর্যায়ের যোগাযোগ অব্যাহত রয়েছে। যাচাই-বাছাই ও আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।”
৪০ ঘণ্টার বেশি সময় ধরে সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত নারী-শিশুসহ ৯ জনের ভাগ্যে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসে, তা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। মানবিক দিক বিবেচনায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।