প্রতীকী ছবি
চট্টগ্রাম নগরীতে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রামহরি বৈষ্ণব (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
নগরীর কোতোয়ালি থানার লালদীঘির পাড় এলাকায় সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নাঈমুর রহমান তুহিন এ সব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, রামহরি বৈষ্ণব লালদীঘির পাড় এলাকার একটি খাবারের দোকানের কর্মচারী ছিলেন। দুপুর দেড়টার দিকে দোকানের জানালায় আর্জেন্টিনার পতাকা লাগানোর সময় তিনি বিদ্যুতের তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার এসআই নাঈমুর রহমান তুহিন বলেন, “দুপুর দেড়টার দিকে লালদীঘির পাড় এলাকায় পতাকা লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে”।