চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৫ জুন ২০২৬ ২০:১৬ পিএম
এআইভিত্তিক স্মার্ট ট্রাফিক সিস্টেম চালুর উদ্যোগে চসিকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রবা ফটো
চট্টগ্রাম মহানগরীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নগর ব্যবস্থাপনাকে প্রযুক্তিনির্ভর করতে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ভিত্তিক স্মার্ট ট্রাফিক সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
ঢাকার পর এবার চট্টগ্রামেও যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এই পদ্ধতি চালু করতে যাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
এ লক্ষ্যে ২১৭ কোটি ৩৩
লাখ টাকা ব্যয়ে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করা হয়েছে।
সোমবার (১৫ জুন) চসিকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক এ সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন এ
তথ্য জানান। সভায় একটি কনসালটেন্সি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নগরীর জন্য প্রস্তুতকৃত
দুটি প্রযুক্তিনির্ভর উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনা উপস্থাপন করেন।
মেয়র বলেন, চট্টগ্রামকে ‘ক্লিন, গ্রিন, হেলদি, সেফ অ্যান্ড স্মার্ট সিটি’ হিসেবে গড়ে
তুলতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। প্রস্তাবিত প্রকল্পের আওতায় নগরীর ৫৬টি
গুরুত্বপূর্ণ মোড় ও ব্যস্ত ট্রাফিক জোনে স্মার্ট সিগন্যাল, ট্রাফিক মনিটরিং ক্যামেরা,
নম্বরপ্লেট শনাক্তকারী প্রযুক্তি, রেড সিগন্যাল ডিটেক্টর এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা
স্থাপন করা হবে।এআইভিত্তিক এই ব্যবস্থার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে
শনাক্ত করা সম্ভব হবে। ফলে যানজট কমানোর পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সহজ হবে।
সভায় দ্বিতীয় একটি প্রকল্পেরও প্রস্তাব উপস্থাপন করা হয়। প্রায় ৪৪৫ কোটি টাকা ব্যয়ে
১৩০ কিলোমিটার সড়কে সৌরবিদ্যুৎচালিত এলইডি সড়কবাতি, ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড ও সিসিটিভি
ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে। মেয়র বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে নগর নিরাপত্তা
জোরদার হওয়ার পাশাপাশি অপরাধ ও দুর্ঘটনা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।
প্রকল্প দুটির বিষয়ে পুলিশ, বিআরটিএসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মতামত নিয়ে চূড়ান্ত ডিপিপি প্রস্তুত করা হবে। প্রযুক্তিনির্ভর এসব উদ্যোগ বাস্তবায়িত হলে চট্টগ্রাম আরও আধুনিক, নিরাপদ ও স্মার্ট নগরীতে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।