রংপুরের মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জে বাগান থেকে হাঁড়িভাঙ্গা আম ছিঁড়ে জারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। প্রবা ফটো
রংপুরের জিআইপণ্য হাঁড়িভাঙ্গা আম আনুষ্ঠানিকভাবে বাজারজাত শুরু হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জে বাগান থেকে আম ছিঁড়ে বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।
এরপর পদাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে হাঁড়িভাঙ্গা আম চাষি ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করে পদাগঞ্জ হাট পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের পরিচালক সিরাজুল ইসলাম, মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানীসহ কৃষি কর্মকর্তা ও আম চাষিরা।
জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, হাঁড়িভাঙ্গা আমকে জেলা প্রশাসনের অগ্রাধিকার প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। আম রপ্তানি বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, সড়ক সংস্কার, হাটে ওয়াশব্লক নির্মাণ, ব্যাংকের শাখা স্থাপন, ম্যাঙ্গো ট্রেন চালুসহ বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
এদিকে আম সংগ্রহের প্রথম দিনেই পদাগঞ্জ হাটে বিপুল পরিমাণ আম উঠেছে। বিক্রেতারা জানান, মণপ্রতি ১২০০ থেকে ১৮০০ টাকা দরে হাঁড়িভাঙ্গা আম বিক্রি হচ্ছে। এ বছর শিলাবৃষ্টি ও ঝড়ের কারণে আম ঝরে যাওয়ায় ফলন শতকরা ৩০ ভাগ কমে গেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের পরিচালক সিরাজুল ইসলাম বলেন, এ বছর আমের ফলন একটু কম হয়েছে। তবে আকারে বেশ বড় হওয়ায় চাষিরা আমের ন্যায্যমূল্য পাবে। শুরুর দিকে দাম তুলনামূলক কম হলেও দিন দিন দাম বাড়বে, প্রত্যাশা কৃষি বিভাগের।