পিরোজপুরের জিয়ানগর উপজেলার বহুল আলোচিত নমিতা রানী পাল হত্যা মামলার প্রধান আসামি কামাল পঞ্চায়েতকে র্যাব-৮ গ্রেপ্তার করেছে। প্রবা ফটো
পিরোজপুরের জিয়ানগর উপজেলার বহুল আলোচিত নমিতা রানী পাল হত্যা মামলার প্রধান আসামি কামাল পঞ্চায়েতকে র্যাব-৮ গ্রেপ্তার করেছে।
ভাণ্ডারিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছোট কানুয়া এলাকা থেকে রবিবার (১৪ জুন) রাত সাড়ে ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। কামাল উপজেলার দক্ষিণ চণ্ডীপুর গ্রামের মৃত আবু পঞ্চায়েতের ছেলে।
জানা যায়, গত ২৮ মে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের দক্ষিণ কলারণ গ্রামের বাসিন্দা নমিতা রানী পালকে শ্বাসরোধে হত্যা করা হয়। নিহত নমিতা একই গ্রামের রাধেশ্যাম চন্দ্র পালের স্ত্রী। ঘটনার পরদিন ২৯ মে রাধেশ্যাম বাদী হয়ে ইন্দুরকানী থানায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন। এ ঘটনায় এর আগে নিহতের পুত্রবধূ বন্যা রানী পাল এবং তার মামা তাপস দেবনাথকে গ্রেপ্তার করা হয়।
পরিবারের সদস্য ও স্থানীয়দের অভিযোগ, বন্যা রানীর সঙ্গে কামালের দীর্ঘদিন ধরে পরকীয়া চলছিল। এ সম্পর্ক নিয়ে শাশুড়ি নমিতা আপত্তি জানিয়ে আসছিলেন। ঘটনার দিন কামাল ও বন্যা রানীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন নমিতা রানী। ফলে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।
র্যাব-৮ সূত্র জানায়, হত্যার পর থেকে কামাল বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। রবিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
জিয়ানগর থানার ওসি মোহব্বত খান বলেন, র্যাব-৮-এর সদস্যরা রাত ৯টার দিকে কামালকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।