ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৬ ১৪:৫৪ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৬ ১৫:১২ পিএম
ভাঙ্গা হাইওয়ে থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে কাভার্ড ভ্যানের ধাক্কায় তোরাপ মোল্লা (৭০) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যানচালক আহত হয়েছেন।
ভাঙ্গা পৌরসভার হাসামদিয়া এলাকায় সোমবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তোরাপ মোল্লা পৌরসভার চৌধুরীকান্দা সদরদী গ্রামের মুনসুর মোল্লার ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল খান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, সকালে তোরাপ মোল্লা ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি অটোভ্যানে করে মালিগ্রামের দিকে যাচ্ছিলেন। পথে হাসামদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান অটোভ্যানটিকে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় ঘটনাস্থলেই অটোভ্যান যাত্রীর মৃত্যু হয় এবং অটোভ্যানচালক আহত হন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্থানীয়রা কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে।
এসআই সোহেল খান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে”।