আনোয়ারা উপজেলায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি রিমন বড়ুয়া প্রকাশ রেজু বড়ুয়াকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি রিমন বড়ুয়া প্রকাশ রেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।
এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু ও ভুক্তভোগীর মোবাইল উদ্ধার করেছে পুলিশ।
চট্টগ্রাম জেলা এসপি মাসুদ আলম সোমবার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে রবিবার রাতে পটিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসপি জানান, গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে গত রাতে পটিয়া থানা এলাকা থেকে রেজু বড়ুয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয় জেলা গোয়েন্দা শাখা ও আনোয়ারা থানা পুলিশের যৌথ টিম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে।
মাসুদ আলম জানান, তার দেওয়া তথ্যমতে জানা যায়, ভুক্তভোগীর বাড়িতে সংরক্ষিত সুজন বড়ুয়ার ঋণ সংক্রান্ত স্ট্যাম্প চুরির উদ্দেশ্যে সে একটি চাকু নিয়ে বাড়ির পিছনের দরজার বাইরে ওঁৎ পেতে ছিল। এ সময় ভুক্তভোগী এনি বড়ুয়া ঘর থেকে বের হয়ে রেজু বড়ুয়াকে দেখতে পেয়ে চিৎকার দেয়। তাৎক্ষণিক রেজু বড়ুয়া তাকে চাকু দিয়ে আঘাত করে। পরে মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া মায়ের চিৎকার শুনে ঘটনাস্থলে এলে তাকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে। ঘটনাস্থল ত্যাগের সময় আসামি এনি বড়ুয়ার ব্যবহৃত মোবাইল নিয়ে পালিয়ে যায়।
মাসুদ আলমের দাবি- দুর্গম এলাকা, আসামির আত্মগোপনের কৌশল এবং গুরুত্বপূর্ণ আলামত গোপন করার চেষ্টা সত্ত্বেও চট্টগ্রাম জেলা পুলিশের পেশাদার তদন্ত, নিরলস পরিশ্রম, গোয়েন্দা নজরদারি এবং সমন্বিত অভিযান চালায়। ফলে অল্প সময়ের মধ্যেই মামলার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার এবং গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার সম্ভব হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) রাসেল জানান, গ্রেপ্তার আসামির দেখানো মতে ভুক্তভোগীর বাড়ির পেছনের খাল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়। এছাড়া পটিয়া রেললাইনের পাশের একটি ডোবায় ফেলে দেওয়া এনি বড়ুয়ার ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।