বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
বাঞ্ছারামপুর উপজেলা হাসপাতাল। ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা হাসপাতালের সেবা সম্প্রসারণে বড় ধরনের উদ্যোগের কথা জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
তিনি বলেন, দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করার কাজ চলছে। এরই ধারাবাহিকতায় বাঞ্ছারামপুর উপজেলা হাসপাতাল প্রথম ধাপের ১০টি হাসপাতালের তালিকায় রয়েছে।
উপজেলার মুসা মার্কেটের সামনে শনিবার (১৩ জুন) বিকালে আয়োজিত এক মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে। খুব শিগগিরই, আগামী এক সপ্তাহের মধ্যেই বাঞ্ছারামপুর উপজেলা হাসপাতালে সিজারিয়ান অপারেশন সেবা চালু করা হবে। এর জন্য প্রয়োজনীয় চিকিৎসক ইতোমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে। ফলে স্থানীয় দরিদ্র রোগীদের আর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ছুটতে হবে না এবং তাদের অতিরিক্ত ব্যয়ের চাপও কমবে।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপির কেন্দ্রীয় ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য জিয়া উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান, সাবেক সাধারণ সম্পাদক ম ম ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ জেড সেলিম শুকরি সহ আরও অনেকে।