লালমনিরহাট সংবাদদাতা
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩ ১৫:০৭ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৩ ২১:২৬ পিএম
ফাইল ছবি
লালমনিরহাটের পাটগ্রামে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১ জানুয়ারি) ভোরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বুড়িরবাড়ি সীমান্তের ধরলা নদীর বাঁধের মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে অই যুবক বিএসএফের গুলিতে নিহত হয়েছেন কি-না তা প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত করে বলা যাবে বলে জানিয়েছেন তিনি।
নিহত ২০ বছর বয়সী বিপুল হোসেন পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের রহমানপুর (গাটিয়ারভিটা) এলাকার রশিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিপুল হোসেনসহ ১০-১২ জনের একটি গরু পারাপারকারী দল বুড়িরবাড়ি মাস্টারের বাড়ি সীমান্ত পথে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় গরু আনতে যায়। এ সময় ভারতীয় কোচবিহার-১৮০ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংড়াবান্ধা কোম্পানী সদরের একটি টহল দল গুলি ছুড়লে বিপুল বিদ্ধ হন। এতে তার মৃত্যু হয়।
তিস্তা-২ (৬১-বিজিবি) ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানী কমান্ডার বাবুল হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘শুনেছি মাস্টারেরবাড়ি সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলার এলাকায় ১৮০ বিএসএফের চ্যাংড়াবান্ধা ক্যাম্পের টহল দলের বিএসএফের গুলিতে বিপুল হোসেন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য চ্যাংড়াবান্ধা বিএসএফ কোম্পানী কমান্ডারকে পতাকা বৈঠকের আহবান জানিয়ে জন্য চিঠি দেওয়া হয়েছে। পতাকা বৈঠকের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’
পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ পাঠিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আমরা গুলিতে নিহত হওয়ার বিষয়টি পেয়েছি। ময়নাতদন্ত প্রতিবেদনের পর নিশ্চিত করে বলা যাবে বিএসএফের গুলিতে নিহত হয়েছে কি-না?’
তবে বিএসএফ গুলি ছোড়ার অভিযোগ অস্বীকার করেছে বলে জানিয়েছেন তিস্তা-২ (৬১-বিজিবি) বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ। তিনি বলেন, ‘আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি। তারা কোনো বুলেট ছোড়েনি বা এই ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছে।
‘তবে আমরা সঠিক ঘটনা জানার জন্য অনুসন্ধান করছি। আমরা স্থানীয় থানা পুলিশকে বিপুলের ময়নাতদন্ত করে প্রতিবেদন চেয়েছি বুলেটে নিহত কি-না?’