কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া বংশিরচর বটতলা সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। ছবি: ভিডিও থেকে নেওয়া
কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া বংশিরচর বটতলা সীমান্ত দিয়ে ৬ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
স্থানীয় সূত্র জানিয়েছে, ১০৬০ নম্বর মেইন পিলারের নিকটবর্তী এলাকা দিয়ে রবিবার ভোর ৬টার দিকে ২ জন শিশু, ১ জন নারী ও ৩ জন যুবককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়।
সীমান্তে জড়ো করা ব্যক্তিরা ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাংশী গ্রামের বাসিন্দা বলে দাবি করছে বিএসএফ।
ঘটনার খবর পেয়ে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি ও স্থানীয় গ্রামবাসী।
এ বিষয়ে জামালপুর ৩৫-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় বিজিবি অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। অনুপ্রবেশের এই ঘটনার পর থেকে সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা অপতৎপরতা ঠেকাতে বিজিবি সদা তৎপর রয়েছে।