বাগেরহাট ও ফকিরহাট প্রতিবেদক
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
জামায়াত কর্মীর শেখ তারেক শুক্রবার জুমার নামাজের আগে দুধ ও পানি দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে দল ছাড়ার ঘোষণা দেন। প্রবা ফটো
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় জামায়াতে ইসলামীর এক কর্মী দলটি ছেড়েছে অভিনব কায়দায়। এই কর্মীর নাম শেখ তারেক। তিনি শুক্রবার (১২ জুন) জুমার নামাজের আগে দুধ ও পানি দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে দল ছাড়ার ঘোষণা দেন।
বিষয়টি স্থানীয়দের মনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শেখ তারেক উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জামায়াত কর্মী ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শেখ তারেক প্রায় ১৪ থেকে ১৫ বছর ধরে জামায়াতের রাজনীতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত ছিলেন এবং ওয়ার্ড পর্যায়ে সক্রিয়ভাবে সংগঠনের কার্যক্রমে অংশ নিতেন।
দল ত্যাগের বিষয়ে শেখ তারেক বলেন, দীর্ঘ ১৪-১৫ বছর আমি জামায়াতের সঙ্গে যুক্ত ছিলাম। আজ পবিত্র জুমার দিনে দুধ-পানি দিয়ে গোসল করে আমি দল থেকে চিরতরে নিজেকে মুক্ত করলাম। এখন থেকে ওই দলের কোনো রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না।
তার এই অভিনব কায়দায় দলত্যাগের ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। তবে দীর্ঘদিনের রাজনৈতিক সংগঠন ছেড়ে দেওয়ার পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ তিনি প্রকাশ করেননি। তার পরিবারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে ফকিরহাট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল আলা মাসুম বলেন, শেখ তারেক আমাদের কোনো আনুষ্ঠানিক কর্মী ছিলেন না। তিনি দলকে ভালোবেসে আমাদের সঙ্গে চলাফেরা করতেন। পদ-পদবি না পাওয়ার ক্ষোভ থেকে তিনি এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। ব্যক্তিগত কারণে তিনি দল পরিবর্তন করেছেন বলে আমরা মনে করি।