সোনাতলা (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
সোনাতলা পৌরসভার মাস্টারপাড়া-হাসপাতাল সড়কের কাজ শেষ করার দাবিতে শনিবার সোনাতলা রেল স্টেশন সংলগ্ন সড়কে মানববন্ধন পালিত হয়। প্রবা ফটো
এক বছর ধরে ঝুলে থাকা সোনাতলা পৌরসভার গুরুত্বপূর্ণ হাসপাতাল-মাস্টারপাড়া সড়কের কাজ দ্রুত শেষ করার দাবিতে শনিবার (১৩ জুন) সকালে স্থানীয়রা মানববন্ধন করেছেন।
বগুড়ার সোনাতলা রেলস্টেশন বেহাল সড়কটিতে এই কর্মসূচিতে অংশ নেন কয়েকশ মানুষ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সড়কটির বেহাল দশা দূর করার দাবি জানান। সড়কের নির্মাণকাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সড়কটি গত বছরে সংস্কারের উদ্যোগ নেয় সোনাতলা পৌরসভা। কাজ শুরু হয় গত বছরের ৩ মে। শেষ হওয়ার কথা ছিল এ বছরের ২ মে মাসের মধ্যে। কিন্তু এখন পর্যন্ত সড়কটির পুরনো ইট অপসারণ, ৩টি ইউ ড্রেন নির্মাণ ও ও দুটি দিঘির পাড়ে গাইড ওয়াল নির্মাণ ছাড়া মূল কাজের দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। সড়কের পুরনো ইট তুলে নেওয়ায় এটি চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পরিবহনে ও চলাচলের ক্ষেত্রে চরম বিড়ম্বনা পোহাচ্ছে স্থানীয়রা।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রভাষক ইকবাল কবির। বক্তব্য রাখেন সোনাতলা নাগরিক কমিটির সদস্য সচিব সোহেল আহমেদ খান, সুজনের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এমএম মেহেরুল, সোনাতলা নাগরিক কমিটির সদস্য শফিউল্লাহ শফি, সহকারী অধ্যাপক আব্দুস সাত্তার, প্রভাষক ওমর ফারুক, প্রভাষক গোলাম রব্বানী প্রমুখ।