আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ায় পৃথক চারটি স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৬ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। প্রবা ফটো
ঢাকার আশুলিয়ায় পৃথক চারটি স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৬ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬৬ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। শনিবার (১৩ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম।
এর আগে গত শুক্রবার বিকাল থেকে শনিবার ভোর পর্যন্ত আশুলিয়ার কুরগাঁও, জামগড়া, তাজপুর এবং গাজীরচট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটকরা হলেনÑ কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার ঝাওয়ারকান্দি এলাকার মৃত সহিদুল ইসলামের ছেলে সজিব হোসেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার বেতুয়া এলাকার মেজবাহ আলীর ছেলে তামিম, জামালপুর সদরের নান্দিনা এলাকার এমদাদুল হকের ছেলে আকাশ হোসাইন, ঠাকুরগাঁও সদরের পাটিয়া ডাংগি এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মাজেদুল ইসলাম হৃদয়, আশুলিয়ার কুরগাঁও পুরাতনপাড়া এলাকার মৃত জব্বার হাওলাদারের ছেলে ইসরাফিল হাওলাদার ও একই এলাকার মৃত আলী হোসেনের ছেলে ফরহাদ হোসেন।
পুলিশ জানায়, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের কুরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ৪০ লিটার চোলাই মদসহ ইসরাফিল ও ফরহাদ হোসেনকে আটক করা হয়।
একই দিন রাত সাড়ে ৮টার দিকে এসআই জুয়েল রানা তার সঙ্গীয় ফোর্সসহ জামগড়া শিমুলতলা এলাকায় মৃধা বাড়ির পেছনে অভিযান পরিচালনা করেন। এ সময় ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ সজিব ও তামিমকে আটক করা হয়।
অন্যদিকে রাত পৌনে ৯টার দিকে এসআই নজরুল ইসলাম তার সঙ্গীয় ফোর্সসহ গাজীরচট হাই স্কুল রোড এলাকায় দারদা গামেন্টসের গলির মাথায় অভিযান পরিচালনা করেন। এ সময় ২৬ পিস ইয়াবাসহ মাজেদুল ইসলাম হৃদয়কে আটক করা হয়।
এ ছাড়া গতকাল ভোরে এসআই দেলোয়ার হোসেন তার সঙ্গীয় ফোর্সসহ আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তাজপুর পালোয়ান বাড়ির মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালান। এ সময় ২০ পিস ইয়াবাসহ আকাশ হোসাইনকে আটক করা হয়।
এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম পিপিএম জানান, আটকদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।