নিয়ামতপুর (নওগাঁ) প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আপডেট : ৩ ঘণ্টা আগে
নওগাঁ নিয়ামতপুর উপজেলায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ
বিদ্যালয়ে সোমবার (০৮ জুন) সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
সভায় পুলিশ সুপার প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা
প্রদান করেন।
তিনি তার উপস্থাপনায় বলেন, বর্তমান সমাজে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ ভয়াবহ সামাজিক
ব্যাধিতে পরিণত হয়েছে। এসব অপরাধ থেকে নিজেদের দূরে রাখা এবং অন্যদের সচেতন করা অত্যন্ত
জরুরি।
তিনি মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে
শিক্ষার্থীদের সতর্ক করে বলেন, মাদক একটি পরিবার ও সমাজ ধ্বংসকারী ব্যাধি। এ থেকে দূরে
থাকতে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
বাল্যবিবাহ প্রসঙ্গে তিনি বলেন, এটি
শুধু সামাজিক অপরাধ নয়, আইনের দৃষ্টিতেও শাস্তিযোগ্য অপরাধ। বাল্যবিবাহের ফলে কিশোর-কিশোরীদের
শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই এ বিষয়ে শিক্ষার্থীদের
সচেতন ভূমিকা রাখতে হবে।
সাইবার ক্রাইম বিষয়ে তিনি সামাজিক যোগাযোগ
মাধ্যম ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেন। অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার
না করা, অনলাইন প্রতারণা থেকে সতর্ক থাকা এবং সন্দেহজনক কোনো ঘটনা ঘটলে দ্রুত আইনশৃঙ্খলা
বাহিনীকে অবহিত করার আহ্বান জানান।
প্রায় এক ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী মনোযোগ সহকারে বক্তব্য শোনেন এবং
সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার অঙ্গীকার ব্যক্ত করেন। পুলিশ সুপারের বক্তব্যের মাঝে
মাঝে অনুমতিক্রমে শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন করলে পুলিশ সুপার তাৎপর্যপূর্ণ উত্তর
প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
(ভারপ্রাপ্ত) সুশান্ত কুমার মন্ডল। তিনি এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য জেলা পুলিশকে
ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের প্রাপ্ত দিকনির্দেশনা অনুসরণের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষানবিশ অতিরিক্ত
পুলিশ সুপার মনিরুজ্জামান, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান পিপিএম,
ইনস্পেক্টর (তদন্ত) আবু তাহেরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য
ব্যক্তিরা উপস্থিত ছিলেন।