সড়ক দুর্ঘটনা
ঈশ্বরদী (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আপডেট : ৩ ঘণ্টা আগে
নিহতদের মরদেহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পাবনার ঈশ্বরদীতে ট্রাক চাপায় শিশুসহ দুজন নিহত হয়েছে।
ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের কোলেরকান্দি বটতলা মোড় এলাকায় রবিবার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাবনা সদর উপজেলার কোলাদি গ্রামের জাহিদ হোসেনের ছেলে আলিফ হোসেন (৮) এবং পাবনার আতাইকুলা থানার শ্রীকোল গ্রামের বাশার শেখের ছেলে বাকিবিল্লাহ শেখ।
পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মো. নান্নু খান বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, সিএনজিচালিত অটোরিকশায় রূপপুর থেকে দাশুড়িয়ার দিকে যাচ্ছিলেন আঁখি খাতুন ও তার শিশু আলিফ। অটোরিকশাটি কোলেরকান্দি এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা মোটরসাইকেল অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়।
এ সময় শিশু আলিফ চলন্ত অটোরিকশা থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়ে যায়।
এরপর ওই মোটরসাইকেল আরোহী বাকিবিল্লাহ মটরসাইকেল থামিয়ে শিশুটিকে উদ্ধার করতে যান। কিন্তু ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই প্রাণ হারান শিশু আলিফ ও বাকিবিল্লাহ।
পরে ঘটনাস্থলে থাকা লোকজন ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে তারা নিহতদের মরদেহ উদ্ধার ও শিশু আলিফের মা আঁখি খাতুনকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ওসি মো. নান্নু খান বলেন, “নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাক চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়। ট্রাকটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”