মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আপডেট : ৩ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের বাজিতপুরে বজ্রপাতে উত্তম গাঙ্গুলী (৪৭) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার
হিলচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সরিষাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত উত্তম গাঙ্গুলী
সরিষাপুর গ্রামের বাসিন্দা এবং মৃত দুলাল গাঙ্গুলীর ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি
স্থানীয়ভাবে পুরোহিতের দায়িত্বও পালন করতেন।
স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার বিকেলে
উত্তম গাঙ্গুলী কৃষিকাজের উদ্দেশ্যে মাঠে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর
আহত হন। বজ্রপাতের আঘাতে তার শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বজ্রপাতের পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে
ছুটে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়। উত্তম গাঙ্গুলীর
আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে
এসেছে।
হিলচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
মাজহারুল ইসলাম নাহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, কৃষক হওয়ার পাশাপাশি ধর্মীয় আচার-অনুষ্ঠানে
পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করায় তিনি এলাকায় পরিচিত ও সম্মানিত ছিলেন। তার মৃত্যুতে
পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের বাড়ি ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহের সৎকারের ব্যবস্থা করা হয়েছে।