শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
আনিছুর রহমান। প্রবা ফটো
গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান (ভিপি আনিছ) (৬৫) রবিবার (৭ জুন) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ভাইয়ের মৃত্যু সংবাদে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার বড় বোন রাশিদা বেগমও মারা গেছেন।
শ্রীপুর পৌরসভায় তিনি চারবার মেয়র ছিলেন। তিনি শ্রীপুর সরকারি কলেজের ভিপিসহ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তার মৃত্যুতে শ্রীপুরের সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে।
গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন বলেন, ভিপি আনিছ ডায়াবেটিস, কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতিতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এদিকে আনিছুর রহমানের মৃত্যুর খবরে বাড়িতে পৌঁছলে তার বড় বোন রাশিদা খাতুন জ্ঞান হারান। এ সময় তাকে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোমবার মাধখলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আনিছুরের লাশ দাফন করা হবে।
২০২৪ সালের ১৮ আগস্ট অন্তর্বর্তী সরকার সারা দেশের ৩২৩ পৌর মেয়র অপসারণ করলে আনিছও বাদ পড়েন।