সুবর্ণচর (নোয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে রবিবার সুবর্ণচর উপজেলার দক্ষিণ বাগ্যা গ্রামের স্লুইসগেট বাজার-মুজিবনগর বেড়িবাঁধ সড়কে মানববন্ধন হয়। প্রবা ফটো
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের দক্ষিণ বাগ্যা এলাকায় স্লুইসগেট বাজার থেকে মুজিবনগর বেড়িবাঁধ পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ একটি কাঁচা সড়ক ৪২ বছরেও পাকাকরণ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে স্থানীয় ২০ হাজার মানুষ। সড়কটি দ্রুত পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
দক্ষিণ বাগ্যা গ্রামের স্লুইসগেট বাজার-মুজিবনগর বেড়িবাঁধ সড়কে রবিবার (৭ জুন) দুপুরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সহস্রাধিক গ্রামবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা মো. হেলাল উদ্দিন মাঝি, মো. খোকন মাঝি, বাদশা আলম, বিবি ফাতেমা, ফারজানা আক্তার প্রমূখ। বক্তারা বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে ১৯৮২ সালে সড়কটি নির্মিত হলেও দীর্ঘ চার দশক পেরিয়ে গেলেও তা আজও কাঁচাই রয়ে গেছে। এ অঞ্চলের অন্যান্য সড়ক পাকাকরণ হলেও এই গুরুত্বপূর্ণ সড়কটি অবহেলিত রয়েছে।
তারা আরও বলেন, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন অংশ কাঁদা ও পানিতে তলিয়ে যায় এবং বড় বড় গর্তের সৃষ্টি হয়। এতে যানবাহন চলাচল ও পথচারীদের চলাফেরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
অন্যদিকে, শুষ্ক মৌসুমে সড়কজুড়ে ধুলাবালির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে ওঠে। ধুলাবালির প্রভাবে শিশু ও বয়স্করা শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে।
এ বিষয়ে সুবর্ণচর উপজেলা প্রকৌশলী মো. হাফিজুল হক জানান, সড়কটির জন্য নতুন আইডি খোলা হয়েছে এবং বরাদ্দের জন্য পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সড়কটি পাকাকরণ করা হবে।