চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
আপডেট : ৫৬ মিনিট আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলার ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাজারে অবৈধ গরুর হাট। প্রবা ফটো
কক্সবাজারের বর্তমান মাতামুহুরী উপজেলার ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাজারে প্রশাসনের নির্দেশ ও জরিমানা তোয়াক্কা না করেই চলছে অবৈধ গরু বাজারের কার্যক্রম।
বৃহস্পতিবার (৪ জুন) উপজেলা ভূমি প্রশাসন বাজারে অভিযান চালিয়ে জরিমানা ও কঠোর সতর্কতা জারি করলেও স্থানীয় একটি প্রভাবশালী চক্র প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই অবৈধ বাজার চালু রেখে ফায়দা লুটে নিচ্ছে।
এ ঘটনায় একদিকে সরকারের বিপুল টাকা রাজস্ব ক্ষতি হচ্ছে, অন্যদিকে স্কুলমাঠে গরু বাজার বসানোর কারণে পাশের দুটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ তুলেছে স্থানীয় সচেতন মহল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার চকরিয়া ও মাতামুহুরী (দায়িত্বপ্রাপ্ত) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব ইলিশিয়া বাজারে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। সে সময় খেলার মাঠ ও স্কুলের আশপাশে গড়ে ওঠা অবৈধ বাজারের কারণে সৃষ্ট জনদুর্ভোগ বিবেচনায় কয়েক ব্যবসায়ীকে জরিমানা করা হয় এবং বাজার উচ্ছেদের কঠোর নির্দেশনা দেওয়া হয়।
ব্যবসায়ীরা প্রশাসনের নিষেধাজ্ঞাকে কোনো পাত্তাই দিচ্ছে না বলে জানায় স্থানীয় সচেতন মহল। গরু বাজারের কারণে তরুণদের একমাত্র খেলার মাঠটি এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পাশাপাশি বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
প্রশাসনের এমন কঠোর অবস্থানের পরেও কীভাবে এই অবৈধ বাজার এখনও চলমান রয়েছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। এই চক্রের হাত থেকে খেলার মাঠ ও স্কুলের পরিবেশ রক্ষা করতে এবং বাজারের স্থায়ী উচ্ছেদে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার ও জেলা প্রশাসক মো. আবদুল মান্নানের জরুরি ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।