দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আপডেট : ৩ ঘণ্টা আগে
দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম রবিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জামালপুরের দেওয়ানগঞ্জে নামজারি (খারিজ) করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অতিরিক্ত অর্থ আদায় এবং বেআইনিভাবে অন্যের নামজারির নথি নিজের কাছে রাখার অভিযোগে রফিকুল ইসলাম রবিন (৪৫) নামে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শহরের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রবিবার দুপুরে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম রবিন উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের সাপমারি গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি দেওয়ানগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে মহুরি হিসেবে কাজ করেন।
উপজেলা প্রশাসন জানায়, রবিবার দুপুরে রফিকুল ইসলাম রবিন একাধিক ব্যক্তির জমির নামজারি (খারিজ) সংক্রান্ত তদবিরের জন্য সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে যান। বিষয়টি সহকারী কমিশনার (ভূমি)-এর অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেনের নজরে আসে। এ সময় তার কাছে অন্য চারজন ব্যক্তির নামজারির নথি পাওয়া যায়। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, “জমির মালিক বা তার মনোনীত প্রতিনিধি ছাড়া অন্য কেউ নামজারিসংক্রান্ত কাজে অংশ নিতে পারেন না। অভিযুক্ত ব্যক্তি অন্যের জমির নামজারি করে দেওয়ার জন্য তদবির করতে ভূমি অফিসে এসেছিলেন। বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে”।