× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স

পাঁচ মাসে ৩৪৭ নরমাল ডেলিভারি

প্লাবন ‍শুভ, ফুলবাড়ী (দিনাজপুর)

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সফল নরমাল ডেলিভারির পর নবজাতক কোলে মা ও চিকিৎসক দল

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সফল নরমাল ডেলিভারির পর নবজাতক কোলে মা ও চিকিৎসক দল

দিনাজপুরের ফুলবাড়ী ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত পাঁচ মাসে জন্ম নেওয়া ৩৬৫ শিশুর মধ্যে ৩৪৭ জন নরমাল ডেলিভারির মাধ্যমে এবং মাত্র ১৮ জন সিজারের মাধ্যমে জন্মগ্রহণ করেছে। সরকারি হাসপাতালে বিনামূল্যে নিরাপদ মাতৃসেবা, দক্ষ চিকিৎসক-নার্স ও মিডওয়াইফদের আন্তরিক সেবার কারণে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের পরিবর্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তান জন্মদানে মানুষের আগ্রহ বাড়ছে।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত পাঁচ মাসে ৩৪৭ জন নরমাল ডেলিভারি এবং ১৮জন শিশু সিজারের মাধ্যমে জন্মগ্রহণ করেছে। এর মধ্যে জানুয়ারিতে ৮১ জন নরমাল ডেলিভারি ও ৪ জন সিজার, ফেব্রুয়ারিতে ৬৯ জন নরমাল ও ৪ জন সিজার, মার্চে ৬৪ জন নরমাল ও ৩ জন সিজার, এপ্রিলে ৬১ জন নরমাল ও ৪ জন সিজার এবং মে মাসে ৭২ জন নরমাল ডেলিভারি ও ৩ জন সিজারের মাধ্যমে জন্মগ্রহণ করেছে। স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর জন্মের পরেই একটি করে সনদ দেওয়া হচ্ছে, যেন শিশুদের সহজেই জন্ম নিবন্ধনসহ অন্যান্য কাজে লাগতে পারে।

স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান জন্মদানকারী মা মোমেনা আক্তার জানান, প্রথমে নরমাল ডেলিভারি নিয়ে আতঙ্ক থাকলেও স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টদের সহযোগিতায় অত্যন্ত স্বাস্থ্যসম্মত ও নিরাপদে আমার সন্তানের জন্ম হয়েছে। বেসরকারি হাসপাতাল কিংবা ক্লিনিকে এ বিষয়ে বিপুল অঙ্কের অর্থ ব্যয় হতো। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে এক টাকাও লাগেনি। উপরন্ত তারাই নিজ বাড়ির মতো সেবা দিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের দাবি সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও মিডওয়াইফদের আন্তরিকতা ও দক্ষতার কারণেই স্বাভাবিক সন্তান প্রসবের সংখ্যা দিন দিন বাড়ছে। যেগুলো কোনোভাবেই স্বাভাবিক নিয়মে সন্তান প্রসব করানো সম্ভব নয় এবং প্রসূতি মায়েদের ঝুঁকি থাকে শুধু সেগুলোকেই সিজারের শরণাপন্ন হতে হচ্ছে। নরমাল ডেলিভারিতে গর্ভবতী মায়েদের সরকারি স্বাস্থ্যসেবার প্রতি আস্থাও বাড়ছে।

ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজেদুল ইসলাম সাজু বলেন, মাতৃমৃত্যুর হার কমাতে এবং নরমাল ডেলিভারি নিরাপদে করতে স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক, দক্ষ মিডওয়াইফসহ সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন।

এ ছাড়া যেসব রোগীর কোনোভাবেই নরমাল ডেলিভারি করা সম্ভব হয় না, সেগুলোকে স্বাস্থ্য কমপ্লেক্সেই সিজারের মাধ্যমে সন্তান প্রসব করানো হচ্ছে। অ্যানেস্থেসিওলজিস্টের পদ শূন্য থাকায় বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যানেস্থেসিওলজিস্ট ডা. পারভেজ সপ্তাহে দুদিন রবিবার ও মঙ্গলবার এখানে আসেন।

গাইনি বিশেষজ্ঞ ডা. ফারজানা আইনিকে ফুলবাড়ী থেকে বদলি করে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হয়েছে। তিনি স্বাস্থ্য কমপ্লেক্স ত্যাগ করলে প্রসূতিদের সিজার কার্যক্রম হয়তো পুরোপুরি বন্ধ হয়ে যাবে। স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপদ ডেলিভারিতে মৃত্যুর ঝুঁকি থাকে না, পাশাপাশি রোগীর পরিবারের কোনো প্রকার অর্থও ব্যয় হয় না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা