চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১ ঘণ্টা আগে
ছয় দফা দাবি বাস্তবায়ন না হলে আজ থেকে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা।
শনিবার (৬ জুন) বেলা ১১টায় চমেক হাসপাতালের প্রধান ফটকের সামনে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়। পরে হাসপাতাল চত্বরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক ইন্টার্ন চিকিৎসক অংশ নেন। এর আগে গত ৪ জুন একই দাবিতে কর্মসূচি পালন করেন তারা।
ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতারা জানান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এফসিপিএস ট্রেনিং-সংক্রান্ত সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতিবাদে তারা আন্দোলনে নেমেছেন। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের কয়েকটি বিভাগে পদায়ন বন্ধ, উপজেলায় দুই বছর বাধ্যতামূলক সেবা এবং ভাতা-সংক্রান্ত পরিবর্তন নিয়ে চিকিৎসকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
আন্দোলনরত চিকিৎসকদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে- এফসিপিএস ট্রেনিং-সংক্রান্ত গত ১৯ মে জারি করা নির্দেশনা প্রত্যাহার, স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণ, সরকারি চিকিৎসকদের জন্য পৃথক বেতন কাঠামো চালু, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ এবং বিএমডিসি আইন ও ভর্তি পরীক্ষার ফি সংস্কার।
ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সাকিব হোসেন বলেন, আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বর্তমান ভাতা জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।