ফেনী প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
ফেনীতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি ও বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে র্যালিটি ২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবন থেকে বের হয়ে হাসপাতাল মোড়ে গিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণের মাধ্যমে শেষ হয়।
ফেনী জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মনিরা হক। বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ও ফেনী পৌর প্রশাসক মোহাম্মদ আল-আমিন সরকার, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মোবারক হোসেন দুলাল এবং ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রোকন উদ দৌলা। এ সময় হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা র্যালিতে অংশ নেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক মনিরা হক বলেন, ডেঙ্গু সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। তাই বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়া জরুরি। এতে এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুর ভয়াবহতা কমিয়ে আনা সম্ভব।