নেছারাবাদ (পিরোজপুর) প্রতিবেদক
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি বাসস্ট্যান্ডে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় দুটি বাস কাউন্টারকে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত টাকা সঙ্গে সঙ্গে ফেরত দেওয়া হয়।
শনিবার (৬ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় গোল্ডেন লাইন পরিবহনকে ১৫ হাজার টাকা এবং রয়েল পরিবহনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া হিসেবে যে টাকা নেওয়া হয়েছিল, তা ফেরত দেওয়া হয়। এতে যাত্রী খুশি হন।
নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ বলেন, যাত্রীদের সঙ্গে কোনো ধরনের অনিয়ম বা অতিরিক্ত ভাড়া আদায় সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ এলেই নেছারাবাদের ঢাকাগামী বাস কাউন্টারগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় অলিখিত নিয়মে পরিণত হয়েছে। অভিযোগ রয়েছে, কিছু কাউন্টার পরিচালক যাত্রীর চাপকে পুঁজি করে ঢাকার অভ্যন্তরে চলাচলকারী লোকাল বাসকে দূরপাল্লার বাস হিসেবে ব্যবহার করে অতিরিক্ত ভাড়া আদায় করে। এসব বাসের অনেকগুলোর ফিটনেস ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন রয়েছে। একমুখী দরজাবিশিষ্ট ও ফিটনেসবিহীন বাসে যাত্রী পরিবহন করায় দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে বলে অভিযোগ যাত্রীদের।