নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আপডেট : ৩ ঘণ্টা আগে
সাপাহার সীমান্ত এলাকায় শুক্রবার দুপুরে শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নওগাঁর সাপাহার সীমান্ত এলাকায় শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়ে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
কাটাতারের বাতি নিভিয়ে শুক্রবার রাত আনুমানিক ১১ টার দিকে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। সরজমিনে গিয়ে শনিবার দুপুরে দেখা যায় যেখানে রাখা হয়েছিল ১৭ জনকে তারা আর সেখানে নেই।
এ বিষয়ে করমুডাঙ্গা গ্রামের বাসিন্দা আনছার আলী বলেন, “শুক্রবার রাত আনুমানিক ১০ টা থেকে ১১ টার দিকে ভারতের বিএসএফ ১৭ জনকে নিয়ে গেছে। তাদের নিয়ে যাওয়ার তারা অনেক কান্নাকাটি করেছে, ভারতে না যাওয়ার জন্য, তারপর তাদের নিয়ে গেছে বিএসএফ। যদিও তাদের নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের কাছে যেতে দেয়নি বিএসএফ এবং এ সময় ভারতের বিদ্যুৎসরবরাহ বন্ধ করে দেওয়া হয়”।
নওগাঁ ব্যাটালিয়ান ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, সীমান্তের শূন্যরেখায় পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় বিএসএফ তাদের ফেরত নিয়ে গেছে।
এর আগে, শুক্রবার সকাল সাড়ে ৭টায় সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি সীমান্ত পিলার দিয়ে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা চালায় বিএসএফ। এদের মধ্যে ৬ জন পুরুষ ৬ জন নারী ও ৫ জন শিশু রয়েছে। দীর্ঘ ১৯ ঘণ্টা ধরে এই চেষ্টা অব্যাহত রাখে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। খবর পেয়ে ঘটনাস্থলে কড়া অবস্থান নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বিজিবির সার্বিক তৎপরতায় বিএসএফের পুষনের চেষ্টা ব্যর্থ হয়। বিজিবি সদস্যদের এমন অবস্থানে প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা।