দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নৌযান চলাচল শুরু হয়েছে। ছবি: ফেসবুক থেকে
প্রায় এক ঘণ্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখার পরে আবহাওয়া পুনরায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নৌযান চলাচল শুরু হয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে শনিবার দুপুর ২টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। প্রায় ৫০ মিনিট বন্ধ থাকার পর দুপুর ২টা ৫০ মিনিট থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “পদ্মা নদীতে উত্তাল ঢেউ, প্রবল বাতাস ও ঝড়ো আবহাওয়ার কারণে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়”।
এইদকে একই কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচলও প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে দুপুর ২টা থেকে কর্তৃপক্ষ লঞ্চ চলাচল স্থগিত রাখে। পরে আবহাওয়া অনুকূলে এলে বিকেল ৩টার পর থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে।
বিআইডব্লিউটিএর দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল বলেন, “বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ নৌপথে ১২টি লঞ্চ চলাচল করছে”।