কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
নিহত আনোয়ার হোসেন। ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পূর্ব বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুকে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
উপজেলার কাঠেরপুল বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার রাত প্রায় ৯টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন (২২) উপজেলার রানিয়ারা বিঞ্চুপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে।
অভিযুক্ত সাব্বির হোসেন একই এলাকার আলমগীর হোসেনের ছেলে। স্থানীয়দের ভাষ্যমতে, নিহত ও অভিযুক্ত দুজনই দীর্ঘদিনের পরিচিত এবং বন্ধু ছিলেন।
নিহতের বাবা গিয়াস উদ্দিন চৌধুরী অভিযোগ করেন, শুক্রবার এশার নামাজের সময় একটি সেলুনে এক যুবককে মারধরের ঘটনায় তার ছেলে প্রতিবাদ করেছিলেন। এ নিয়ে সাব্বিরের সঙ্গে আনোয়ারের কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাতেই আনোয়ারকে একটি অটোরিকশা থেকে নামিয়ে ছুরিকাঘাত করা হয়।
তিনি বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে সৌদি আরব প্রবাসী ছিল। দেশে এসে একটি খামার গড়ে তোলার পরিকল্পনা করছিল। আমি এর বিচার চাই।
এ বিষয়ে স্থানীয় কয়েকজন বলেন, গতকাল রাতের ঘটনার পর আনোয়ারকে ছুরিকাঘাত করা হলেও, তাদের মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব ছিল।
তবে কী নিয়ে দ্বন্দ্ব ছিল সে সম্পর্কে তারা বিস্তারিত কিছু বলতে রাজি হননি।
স্থানীয়রা গুরুতর আহত আনোয়ারকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মেশকাতুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, হাসপাতালে আনার আগেই আনোয়ার হোসেনের মৃত্যু হয়েছিল।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন, পূর্ব শত্রুতার জেরে বন্ধুর হাতে বন্ধু নিহত হওয়ার অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।