কালিহাতী (টাঙ্গাইল) প্রতিবেদক
প্রকাশ : ৮ ঘণ্টা আগে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একাধিক যানবাহন বিকল হয়ে পড়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১৮ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
অতিরিক্ত যানবাহনের চাপের পাশাপাশি যমুনা সেতু ও এর সংযোগ সড়কে রাতে একাধিক যানবাহন বিকল হয়ে পড়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
যমুনা সেতুর টোল প্লাজা থেকে পৌলী এলাকা পর্যন্ত শুক্রবার দিবাগত রাত থেকে এই যানজট ছড়িয়ে পড়ে।
দীর্ঘ সময় আটকে থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা গরমের কারণে বেশি কষ্টে পড়েছেন।
গাজীপুর থেকে নাটোরগামী বাসচালক রুপচান শেখ বলেন, টাঙ্গাইল থেকেই যানজট শুরু হয়েছে। এলেঙ্গা এলাকায় এসে পুরোপুরি আটকে আছি। গরমে যাত্রী ও চালকদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ বলেন, যানজট নিরসনে পুলিশ কাজ করছে এবং দ্রুত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।