তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ৫ ঘণ্টা আগে
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. শরীফ হোসাইন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
আর্জেন্টিনা সমর্থকদের জন্য ফ্রি চিকিৎসা ও বিশেষ ছাড় ঘোষণা করলেন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. শরীফ হোসাইন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আর্জেন্টিনা সমর্থকদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা দেন তিনি।
ফেইসবুক পোস্টে তিনি জানান, আর্জেন্টিনার খেলা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে তার ব্যক্তিগত চেম্বারে সমর্থকদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে।
ঘোষণা অনুযায়ী, আর্জেন্টিনার জার্সি পরে অথবা দলটির সমর্থক পরিচয়ে তার চেম্বারে আসা রোগীরা সম্পূর্ণ বিনা ভিজিটে দাঁত ও মুখের বিভিন্ন রোগের পরামর্শ গ্রহণ করতে পারবেন। পাশাপাশি দন্ত চিকিৎসার ক্ষেত্রেও বিশেষ ছাড় দেওয়া হবে।
ডা. শরীফ হোসাইন বলেন, “ফুটবলের প্রতি ভালোবাসা এবং প্রিয় দলের প্রতি সমর্থন জানাতেই এই ব্যতিক্রমী উদ্যোগ। খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়। সেই আনন্দের অংশীদার হতে আমি আর্জেন্টিনা সমর্থকদের জন্য এ বিশেষ সুবিধার ব্যবস্থা করেছি”।
তিনি আরও বলেন, “আসুন, আমরা সবাই আমাদের প্রিয় দলকে সমর্থন করি, পাশাপাশি নিজেদের স্বাস্থ্য ও সুন্দর হাসিরও যত্ন নিই। সুস্থ ও সুন্দর হাসিই আমাদের কাম্য”।
তার এই ঘোষণাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক সাড়া পড়েছে। অনেক আর্জেন্টিনা সমর্থক উদ্যোগটিকে অভিনব ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন।