× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বজ্রপাতে বিভিন্ন জেলায় ৯ জনের মৃত্যু, আহত ২

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১ ঘণ্টা আগে

বজ্রপাতে বিভিন্ন জেলায় ৯ জনের মৃত্যু, আহত ২

দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া পৃথক ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। প্রতিবেদকদের পাঠানো খবরÑ

বরিশাল : বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামে বজ্রপাতে তানভীর খান (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার ওয়াসিম খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি মাছের ঘেরে কাজ করার সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে সরাসরি বজ্রাঘাতে গুরুতর আহত হন তানভীর। পরে তাকে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাহানাজ পারভীন সেতু মৃত ঘোষণা করেন।

মঠবাড়িয়া (পিরোজপুর) : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সোনাখালী এলাকায় শুক্রবার দুপুরে মাঠে গরু খুঁজতে গিয়ে বজ্রপাতে মারা যান কৃষক ছোয়ারাব জোমাদ্দার (৫০)। তিনি মৃত হাসেম জোমাদ্দারের ছেলে। স্থানীয়রা জানান, বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে মাঠে চরে থাকা নিজের গরু খুঁজতে যান তিনি। মাঠে পৌঁছার পরপরই বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুমকি (পটুয়াখালী) : পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় শুক্রবার সকাল ১১টার দিকে বজ্রপাতে মজিবর সরদার (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির সময় মাঠে থাকা গরু আনতে গেলে বজ্রাঘাতে গুরুতর আহত হন তিনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি পুলিশ অবগত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

গলাচিপা (পটুয়াখালী) : পটুয়াখালীর গলাচিপা উপজেলায় শুক্রবার পৃথক ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেনÑ আমখোলা ইউনিয়নের উত্তর আমখোলা গ্রামের মো. রিয়াজ হাওলাদার (৩০) এবং পশ্চিম চরকাজল গ্রামের আলমগীর সরদার (৪৫)। রিয়াজ হাওলাদার বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রাঘাতে আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, আমখোলা এলাকায় বজ্রপাতে আহত এক কৃষকের হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে। মরদেহ গলাচিপায় আনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে আলমগীর সরদার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বের হয়ে বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গেলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় চরকাজল পুলিশ ফাঁড়ির এসআই কামাল জানান, পশ্চিম চরকাজল এলাকায় বজ্রাঘাতে আলমগীর সরদারের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

টাঙ্গাইল : টাঙ্গাইলের দেলদুয়ারে বজ্রপাতে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের মাদারকোল গ্রামের খালিদুল ইসলাম (৩০) ও তার মেয়ে খাদিজা আক্তার (১০)। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পার্শ্ববর্তী মেরুয়াঘোনা গ্রামে আত্মীয়বাড়ী দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে যাত্রা পথে শাহধারীপাড়া নামক স্থানে পৌছে অটোরিকশা থেকে নামার পরই বজ্রপাত হয়। একই সময় দেলদুয়ার সদরের জাঙ্গালিয়া গ্রামে দুটি গরুও বজ্রপাতে মারা গেছে। 

হাতীবান্ধা (লালমনিরহাট) : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বজ্রপাতে আরজিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের সোবাহান আলীর স্ত্রী। একই ঘটনায় আহত হয়েছেন মিজানুর রহমান ও রশিদা বেগম। তাদের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেরপুর : শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নের সাতপাকিয়া গ্রামে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন মো. মিজান মিয়া (২২)। তিনি কমল মিয়ার ছেলে। বজ্রাঘাতে গুরুতর আহত হওয়ার পর তাকে জামালপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শেরপুর সদর থানার ওসি মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা