ঈশ্বরদী (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
বাণিজ্য, শিল্প , বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ঈশ্বরদীসহ এই এলাকার ছোট বড় সব মানুষেরই কৃষির সঙ্গে একটি আত্মিক সম্পর্ক আছে। ফলে সে এলাকাই তো বাংলাদেশের কৃষির নেতৃত্ব দেবে।
শুক্রবার (৫ জুন) পাবনার ঈশ্বরদীর মিরকামারীতে কৃষক সমিতি লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলা-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা যাচাই করব, ঈশ্বরদীতে লিচুর জন্য কোনো সংরক্ষণাগার বা হিমাগার করা যায় কিনা। আমাদের জন্য সবচেয়ে উপযুক্ত সমাধান হবে সেই সমাধান, যা আমাদের খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। লিচুর জন্য কী করা যায়, সেটি নিয়েও আমরা পরীক্ষা-নিরীক্ষা করব। সেটা হিমাগারে সংরক্ষণ করা হোক বা অন্য কোনো উপায়ে সংরক্ষণ করা হোক।
আর অবশ্যই কৃষিমন্ত্রীকে আমি ব্যক্তিগতভাবে অবহিত করব এবং তাঁকে অনুরোধ করব এ বিষয়ে একটি গবেষণা চালানোর জন্য। আজ আমরা লিচুর যে পচন দেখতে পেলাম ,গরমের কারণে হোক বা কীটনাশকের কারণে -এর প্রকৃত সমাধান কী, তা নিয়ে গবেষণা করে একটি ভালো সমাধান বের করতে হবে, যাতে ভবিষ্যতে আমরা লিচুর আরও ভালো ফলন পাই।
তিনি আরো বলেন, আপনাদের কৃষকদের প্রতিটি উদ্ভাবনী উদ্যোগে এই সরকারের সর্বোচ্চ সহযোগিতা পাবেন। সকালে কৃষি বাণিজ্য মেলার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
কৃষক সমিতির সভাপতি ও জাতীয় পদকপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান ময়েজের (কুল ময়েজ) সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও জাতীয় পদকপ্রাপ্ত কৃষক আব্দুল জলিল কিতাব মন্ডলের (লিচু কিতাব) সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক কৃষিবিদ জাহাঙ্গীর আলম প্রামানিক, কৃষক সমিতির উপদেষ্টা আলহাজ্ব খায়রুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রেজিনুর রহমান প্রমুখ।