চকরিয়ায় প্রধানমন্ত্রীর আগমন
চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
কক্সবাজারের চকরিয়া আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি কক্সবাজারে তার প্রথম সফর। এদিকে আগামী ১৪ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের চকরিয়া, মাতামুহুরি ও পেকুয়ায় আগমনকে ঘিরে সম্ভাব্য সফরসূচি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত প্রেস সচিব ছফওয়ানুল করিম।
তিনি জানান, প্রধানমন্ত্রী ১৪ জুন ঢাকা থেকে বিমানে কক্সবাজারে নামবেন। সেখান থেকে বেলা ১১টায় উপজেলার ডুলাহাজারা সাফারী পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও পার্ক পরিদর্শন করবেন যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত হরিণ প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নিজ জন্মস্থান পেকুয়ার উদ্দেশে রওনা দিবেন। সেখানে তিনি জুলাই-আগস্ট অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন, সাঈদ ম্যানশনে অবস্থান ও মধ্যাহ্নভোজ করার কথা রয়েছে। এরপর নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করবেন। পরে বিকাল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখার কথা রয়েছে।
দিনব্যাপী এসব আনুষ্ঠানিকতা শেষ করে তিনি পুনরায় কক্সবাজারের উদ্দেশে রওনা দেবেন। সেখানে রাত্রিযাপন শেষে পরের দিন ১৫ জুন সকালে সুধীজনের সঙ্গে মতবিনিময় করবেন এবং সর্বশেষ ঢাকার উদ্দেশে রওনা দিবেন।
এদিকে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই সফরকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সমগ্র কক্সবাজারবাসী।
এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে কক্সবাজার-১ (চকরিয়া- পেকুয়ার) আসনের এমপি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও উপস্থিত থাকবেন বলে দায়িত্বশীল সূত্র নিশ্চিত করে।
এদিকে শুক্রবার (৫ জুন) সকাল ৮টায় প্রধানমন্ত্রী তারেক রহমান উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে আগমন ঘিরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের জায়গা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। এ সময় জেলা বিএনপির সহসভাপতি এনামুল হক ও মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া বিএনপির পক্ষ থেকে স্বরাষ্ট্র সচিবকে চকরিয়ায় স্বাগত জানান।