নেছারাবাদ (পিরোজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ১ ঘণ্টা আগে
প্রতীকী ছবি
পিরোজপুরে নেছারাবাদে অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ শহিদুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ি এলাকায় শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
শহিদুল ইসলাম ওই এলাকার মৃত আব্দুল গনির মেজো ছেলে।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, শহিদুল ইসলাম পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে তিনি তার অটোরিকশাটি চার্জে দিয়ে ঘুমাতে যান। শুক্রবার সকালে চার্জার সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
গুরুতর অবস্থায় স্বজনরা নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. রেদওয়ান খান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করার পর পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।”