× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেন্টমার্টিনে জালে আটকা ১৫ ফুট লম্বা অজগর

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

সেন্টমার্টিনে ১৫ ফুট লম্বা অজগর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সেন্টমার্টিনে ১৫ ফুট লম্বা অজগর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে একটি মরিচ ক্ষেতের জালে আটকা পড়েছে প্রায় ১৫ ফুট লম্বা একটি অজগর।

দ্বীপের দক্ষিণে ৯ নম্বর ওয়ার্ড এলাকায় শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। বিশাল আকৃতির সাপটির খবর ছড়িয়ে পড়লে সেটি দেখতে আশপাশের এলাকার মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।

স্থানীয়রা জানায়, দ্বীপের দক্ষিণের বাসিন্দা মুসা আলী সকালে নিজের বাড়ির আঙিনায় মরিচ ক্ষেতের জালের মধ্যে অজগরটি আটকা অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় সাপটিকে উদ্ধার করা হয়।

মুসা আলী জানান, অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট এবং ওজন ২০ থেকে ২৫ কেজির মতো হতে পারে। তার ধারণা, সাপটির বয়স ৩ থেকে ৫ বছর হবে। 

তিনি বলেন, “অজগরটি দীর্ঘদিন ধরে এলাকার কেয়া বাগান ও আশপাশের ঝোপঝাড়ে বিচরণ করত। মাঝে-মধ্যে লোকজন এর দেখা পেলেও আজ সকালে প্রথমবারের মতো এটিকে জালের মধ্যে আটকা অবস্থায় দেখতে পাই। সাপটি এখনও জীবিত রয়েছে”।

এত বড় অজগর আটকা পড়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্কের পাশাপাশি ব্যাপক কৌতূহলেরও সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

স্থানীয় বাসিন্দা আবদুল মতলব বলেন, সাপটির আকার বেশ বড় হওয়ায় এলাকায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে বর্তমানে এটি নিরাপদে বাড়ির মালিকের হেফাজতে রয়েছে।

অজগরটির দ্বীপে আসার কারণ নিয়েও স্থানীয়দের মধ্যে চলছে নানা আলোচনা।

সেন্টমার্টিনের বাসিন্দা তৈয়ব উল্লাহ জানান, সেন্ট মার্টিন দ্বীপ মিয়ানমার উপকূল থেকে মাত্র আট কিলোমিটার পশ্চিমে অবস্থিত। বর্ষা মৌসুমে মিয়ানমারের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে নাফ, মায়ু ও কালাদান নদীতে প্রবল ঢল নামে। এ সময় গাছপালা, বাঁশঝাড়সহ বিভিন্ন ভাসমান বস্তু সাগরের স্রোতে ভেসে এসে দ্বীপের উপকূলে জমা হয়। 

কোনো গাছ বা বাঁশঝাড়ের সঙ্গে ভেসেই অজগরটি সেন্ট মার্টিনে পৌঁছেছে বলে ধারণা তার।

এ বিষয়ে জানতে চাইলে সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, “স্থানীয় এক ক্ষেতে একটি বিশাল অজগর সাপ ধরা পরেছে। এটি বন বিভাগের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে”।

এ বিষয়ে সেন্ট মার্টিনের পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা এম এ সোহাগ বলেন, “সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছালে অজগরটি তাদের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তীতে নিরাপদ সংরক্ষণ অথবা উপযুক্ত পরিবেশে অবমুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা