সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
যমুনা সেতু এলাকায় যানজট, দুর্ভোগে ঢাকামুখী যাত্রীরা
সিরাজগঞ্জ প্রতিবেদক
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর প্রভাব সেতুর পূর্ব প্রান্তেও পড়েছে।
এতে বাস ও অন্যান্য যানবাহনে আটকে পড়া যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
মূলত সকালে যমুনা সেতুতে কয়েকটি যানবাহন বিকল ও অতিরিক্ত গাড়ির চাপে এই যানজটের সৃষ্টি হয়েছে।
যমুনা সেতুর ওপর শুক্রবার ভোরে একাধিক যানবাহনের দূর্ঘটনা ও কিছু ত্রুটিপূর্ণ গাড়ি বিকল হয়ে পড়ার পাশাপাশি ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের অতিরিক্ত চাপে এই পরিস্থিতির সৃষ্টি হয়।
যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, ঈদের ছুটি শেষে তৈরি পোশাক কারখানার (গার্মেন্টস) শ্রমিক ও সাধারণ মানুষ একযোগে কর্মস্থলে ফিরছেন, যার ফলে মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়েছে।
এছাড়া ভোররাতে যমুনা সেতুর ওপর ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে একটি বাস, প্রাইভেটকার ও ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও দুর্ঘটনাকবলিত গাড়িগুলো বিকল হয়ে পুরো লেনটি অবরুদ্ধ (ব্লক) হয়ে পড়ে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, একই সময়ে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেনে গার্মেন্টসকর্মীদের বহনকারী দূরপাল্লার একাধিক ত্রুটিপূর্ণ ও লক্কড়-ঝক্কড় বাস বিকল হয়ে পড়ে। ফলে উভয় লেনেই গাড়ির চাকা থমকে গিয়ে যানজটের সূত্রপাত হয়।
ঢাকা গামী আয়েশা আক্তার বলেন, যানজটের কারণে সকাল থেকে প্রায় ৩ ঘন্টায় ৪ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম হয়েছি।
আরেক গার্মেন্টস কর্মী করিম খান জানান, সিরাজগঞ্জের কাজিপুর থেকে ঈদের ছুটি শেষে ঢাকা ফিরছি। পথে এমন অবস্থার কারণে পরিবার নিয়ে চরম অস্বস্তির মধ্যে পড়েছি।
এদিকে দেখা যায় তীব্র গরমের কারণে যাত্রীরা যাত্রা পথের বিভিন্ন স্থান থেকে পানি সংগ্রহ করছে।
কেউ কেউ রাস্তার পাশের টিউবয়েল থেকে পানি সংগ্রহ করছে। এই সুযোগে পানির দামও বৃদ্ধি করে বিক্রয় করছে কিছু হকাররা।
হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানজট দেখা দিয়েছে। তবে যানজট নিরসনের জন্য মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ নিরলসভাবে কাজ করছে।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু ব্যবহার করেছে ৪৩ হাজার ৯০৯টি যানবাহন।
সেতুতে কয়েকটি যানবাহন বিকল ও অতিরিক্ত গাড়ির চাপে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, সেতুর উভয় প্রান্তে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি চলমান রয়েছে।