ঝিনাইদহ প্রতিবেদক
প্রকাশ : ৫ ঘণ্টা আগে
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ১৫টি বাড়িঘরে হামলা ও ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে ইউপি সদস্য কফিল ও সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে উত্তেজনা ও বিরোধ চলে আসছিল। এরই জেরে গতকাল সকাল ৯টার দিকে দুপক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তা চরম রূপ নিলে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র, ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় চলা এই সংঘর্ষে দুপক্ষের অন্তত ৬০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে ১৫টি বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হয় বলে জানা গেছে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অন্য হাসাপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, পূর্ব বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।