প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৮ ঘণ্টা আগে
আপডেট : ৭ ঘণ্টা আগে
হারিয়ে যাওয়া মোবাইল এবং প্রতারণার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করছে ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের বিশেষ তৎপরতায় উদ্ধার হওয়া ৯১টি মোবাইল ফোন এবং প্রতারণা করে হাতিয়ে নেওয়া ৩৫ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল।
পুলিশ সুপার জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা এই ৯১টি মোবাইল ফোন এবং মোবাইল ব্যাংকিংয়ের (এমএফএস) মাধ্যমে আত্মসাৎ করা ৩৫ হাজার টাকা আইনি প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হয়েছে। জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এই উদ্ধার অভিযানে মূল ভূমিকা পালন করে।
শুধু মোবাইল বা টাকা উদ্ধারই নয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিংয়ের শিকার হওয়া ৪০ জন ভুক্তভোগীকেও দ্রুততম সময়ে কার্যকর সহায়তা প্রদান করেছে এই সেল বলেও জানান তিনি।
পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে ঝিনাইদহ জেলা পুলিশ বদ্ধপরিকর। সাইবার অপরাধ মোকাবিলা ও ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর এই সেবা এবং অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন ও মো. মোসফেকুর রহমানসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।