মৃত বাকপ্রতিবন্ধী শিশু জিহাদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পাবনার ভাঙ্গুড়ায় নিখোঁজের চার দিন পর পুকুর থেকে বাকপ্রতিবন্ধী শিশু জিহাদের (৬) মরদেহ উদ্ধার করা হয়েছে।
উপজেলার চরভাঙ্গুড়া পূর্বপাড়া গ্রামের একটি পুকুর থেকে বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত জিহাদ উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের জাফর ইকবাল ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানায়, ঈদের ছুটিতে জিহাদ নানা বাড়িতে বেড়াতে এসেছিল। গত রোববার বিকেল ৫টার দিকে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে অনুসন্ধান চালান। পরদিন জিহাদের বাবা ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বুধবার সকালে স্থানীয়রা গ্রামের একটি পুকুরে শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিউল আযম বিষয়টি নিশ্চিত করে জানান, পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় তদন্ত চলমান রয়েছে।