ঠাকুরগাঁও প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৬ ২০:৫৭ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৬ ২১:১১ পিএম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের সরকার। নির্বাচনের আগে জনগণকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলো একে একে বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।’
বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্প্রতি ঠাকুরগাঁও সদর উপজেলাকে বিভক্ত করে রুহিয়া ও ভূল্লী নামে দুটি পৃথক উপজেলা প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখায় রুহিয়াবাসীর পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু হয়েছে, কৃষক কার্ড কার্যক্রম শুরু হয়েছে। খাল খননের কাজও শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়নে সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে।’
একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে বলে অভিযোগ করে তিনি বলেন, ‘আপনাদের কাছে আমার আবেদনÑ এই অস্থিতিশীলতা যাতে না করতে পারে, সেজন্য আপনাদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান করছি। কারণ এই সময়ে যখন আমরা নতুন করে দেশ গড়ার কাজ শুরু করছি তারেক রহমানের নেতৃত্বে, তখন যেন আমরা আবার বিভ্রান্ত না হয়ে যাই। আপনারা দেখেছেন, এই সরকারের বয়স মাত্র তিন মাস, এই তিন মাসের মধ্যে আমরা কাজ করার চেষ্টা করে যাচ্ছি।’ এ সময় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার জন্য তিনি জনগণকে কৃতজ্ঞতা জানান। পাশাপাশি নারীদের আরও সংগঠিত হওয়ার মাধ্যমে নারী ক্ষমতায়নকে নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বারসহ দলটির ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।