সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৩ জুন ২০২৬ ২০:৫০ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৬ ২১:৩৮ পিএম
জামালপুরের সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই নারীসহ চারজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বুধবার (৩ জুন) দুপুরে ৭ জনের
নাম উল্লেখ করে আজিজুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে এলাকায়
চরম উত্তেজনা বিরাজ করছে।
পৌরসভার সাতপোয়া এলাকায় দীর্ঘদিন লাইলি
বেগমের পরিবারের সঙ্গে প্রতিবেশী সুলতান মিয়ার পরিবারের দুই শতাংশ জমি নিয়ে বিরোধ চলে
আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার গ্রাম্য সালিশ-বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। বিরোধপূর্ণ
ওই জমিতে গত মঙ্গলবার রাতে জোরপূর্বক পাকা টয়লেট নির্মাণ শুরু করে সুলতান মিয়া ও তার
লোকজন। এ সময় লাইলি বেগমের পরিবারের লোকজন বাধা দিতে গেলে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি
হয়। একপর্যায়ে অভিযুক্তরা লাঠিসোটা, রামদা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত
হামলা চালায়।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা ইকবাল হোসেন প্রতিদিনের বাংলাদেশকে জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ
থেকে বুধবার দুপুরে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে
জানান তিনি।