দেশের চার জেলায় পৃথক ঘটনায় নবজাতক, যুবক, কিশোর ও এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয়রা। প্রতিবেদকদের খবর
নরসিংদী : নরসিংদীর শিবপুর উপজেলার পঁচারবাড়ি এলাকায় ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের পাশ থেকে একদিন বয়সী এক নবজাতক ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) সকালে স্থানীয়রা ধানক্ষেতের পাশে একটি বাক্সে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে একটি ব্যাগে কিছু কাপড়ও উদ্ধার করা হয়েছে। শিবপুর থানার ওসি মোহাম্মদ কোহিনুর মিয়া জানান, পরিচয় গোপন করতে রাতের আঁধারে মরদেহটি সেখানে ফেলে যাওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের একটি পাটক্ষেত থেকে নিখোঁজের দুই দিন পর তৌহিদুল ইসলাম মিয়া (২৮) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে স্থানীয় এক কৃষক পাটক্ষেতে তার স্যান্ডেল দেখতে পেয়ে খোঁজাখুঁজি করলে মরদেহের সন্ধান মেলে।
পরিবারের দাবি, গত ১ জুন সন্ধ্যায় কয়েকজন বন্ধুর সঙ্গে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন তৌহিদ। নিহতের বোন চামেলি বেগম অভিযোগ করেন, মাদক সেবনকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
পুলিশ জানিয়েছে, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন এবং শরীরের বিভিন্ন স্থানে কালচে দাগ পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ভৈরব : কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আতকাপাড়া এলাকায় সহপাঠীদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নীরব মিয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দুপুরে পুকুরে নেমে নিখোঁজ হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর রাতে স্থানীয় জেলেরা জাল ফেলে তার মরদেহ উদ্ধার করেন।
নীরব স্থানীয়ভাবে পাদুকা শ্রমিক হিসেবে কাজ করত এবং বাবাকে কাজে সহযোগিতা করত। পরিবারের সদস্যরা সন্ধ্যায় খোঁজাখুঁজি শুরু করে জানতে পারেন সে পুকুরে গোসল করতে গিয়েছিল। পরে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।
রাঙ্গুনিয়া : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের একটি ভাড়াবাসা থেকে আসমাউল হুসনা (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগের রাতে পারিবারিক কারণে মায়ের বকাঝকার পর অভিমান করে মা-বাবার অনুপস্থিতিতে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় আসমাউল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি জহির উদ্দিন জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।