বরগুনার আমতলীতে একটি নবনির্মিত ভবনের সেফটিক ট্রাংকের সেন্টারিং খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিক মারা গেছেন। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার এ কে স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জাহিদুল হাওলাদার (৩৫) ও জাফর হাওলাদার (৫০)।
আরও পড়ুন: বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে ডিম নিক্ষেপ, হামলা |
নিহত জাহিদুল হাওলাদারের বাড়ি উপজেলার হলদিয়া গ্রামে। তিনি আজিজ হাওলাদারের ছেলে। অপর নিহত জাফর হাওলাদারের বাড়ি বেতমোর গ্রামে। তিনি ইউনুস মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ইউসুফ আলীর নির্মাণাধীন ভবনের সেফটিক ট্রাংকের সেন্টারিং খুলতে গতকাল সকালে শ্রমিকরা কাজ শুরু করেন। এ সময় প্রথমে জাহিদুল হাওলাদার ট্রাংকের ভেতরে নামেন। কিছুক্ষণের মধ্যেই তিনি চিৎকার শুরু করেন। তাকে উদ্ধার করতে জাফর হাওলাদার ট্রাংকের মধ্যে নামলে তিনিও অচেতন হয়ে পড়েন।
খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ট্রাংকের ভেতরের বিষাক্ত গ্যাস নিষ্ক্রিয় করে এবং ট্রাংকের মুখ ভেঙে দুই শ্রমিককে উদ্ধার করা হয়। পরে তাদের আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী মশিউর রহমান জানান, জাহিদুল ট্রাংকে নামার পরপরই চিৎকার শুনে অপর শ্রমিক তাকে উদ্ধারে নামেন। কিন্তু তিনিও অচেতন হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিস দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে তাদের উদ্ধার করে।
নিহত জাফর হাওলাদারের ভগ্নিপতি রুহুল আমিন অভিযোগ করে বলেন, ভবন মালিকের অসচেতনতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমতলী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আবু হানিফ জানান, সেফটিক ট্রাংকের ভেতরে বিষাক্ত কার্বন মনোক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাস জমে থাকতে পারে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়া ভেতরে প্রবেশ করায় শ্রমিকরা দুর্ঘটনার শিকার হয়েছেন। উদ্ধারকাজে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে।
আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. লুনা বিনতে হক বলেন, হাসপাতালে আনার আগেই তারা মারা যান। আমতলী থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আমতলীতে সেফটিক ট্রাংকের বিষাক্ত গ্যাসে একসঙ্গে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।