বেনাপোল (যশোর) প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৬ ১৬:৫৪ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৬ ১৭:২৯ পিএম
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি
যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে।
বেনাপোল চেকপোস্ট এলাকায় বুধবার দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে।
এনসিপির নেতাদের অভিযোগ, বেনাপোলের সাদিপুর সীমান্ত পরিদর্শন শেষে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে। হামলায় চারজন আহত হয়েছেন।
এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য খালিদ সাইফুল্লাহ জুয়েল জানান, হামলায় চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তি নেতা রুপম আহসান অর্নবসহ অন্য আরেকজন।
তিনি আরও জানান, হামলার সময় গাড়িতে থাকা এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ দলের অন্যান্য নেতারা নিরাপদে আছেন।
স্থানীয়রা জানান, ‘পুশইন’ ঘটনার প্রতিবাদে বেনাপোল সীমান্ত পরিদর্শন শেষে ফেরার পথে বেনাপোল চেকপোস্ট মোড়ে পৌঁছালে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে উত্তেজিত জনতা হামলা করলে তার গাড়ির একটি গ্লাস ভেঙ্গে যায়। তারা দ্রুত নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিয়ে যশোরের উদ্দেশে রওয়ানা দেন।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন বলেন, এ ধরনের কোন খবর আমাদের জানা নেই।