কিশোরগঞ্জে বড় ভাইয়ের বিয়ের দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আসিফুল্লাহ সজিব নামে এক যুবক। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বড় ভাইয়ের বিয়ের দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আসিফুল্লাহ সজিব (২০) নামে এক যুবক।
একই ঘটনায় তার ফুফাতো ভাই রিয়াদ আহত হয়েছেন।
আরও পড়ুন: ভাগ্নিকে মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল মামা-ভাগ্নির |
পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কের কোষাকান্দা এলাকায় বুধবার সকালে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজিব পাকুন্দিয়া উপজেলার নারান্দি ইউনিয়নের আগরপাট্টা গ্রামের রুহুল আমীনের ছেলে। তিনি ঢাকার লালবাগ মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
পরিবারটি মূলত ঢাকায় বসবাস করলেও তাদের আদি নিবাস পাকুন্দিয়ায়। সেখানে তাদের পারিবারিক ব্যবসাও রয়েছে।
স্থানীয় কয়েকজন জানান, সকালে ফুফাতো ভাইকে নিয়ে মোটরসাইকেলে বের হন সজিব। পথে কোষাকান্দা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সজিবকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান বলেও জানান তারা।
স্থানীয় ইউপি সদস্য জানান, ওই দিনই সজিবের বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। আগের রাতে গায়ে হলুদের আয়োজনেও পরিবারের সঙ্গে আনন্দে অংশ নেন সজিব। কিছু ঘণ্টার ব্যবধানে সেই আনন্দঘন পরিবেশই শোকের ছায়ায় পরিণত হয়।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের আবহ নেমে আসে। যে বাড়িতে বিয়ের আনন্দ হওয়ার কথা ছিল, সেখানে এখন চলছে আহাজারি ও শোকের মাতম।