প্রতীকী ছবি
কুড়িগ্রামে ট্রাকের চাপায় আইয়ুব আলী (৫৫) নামের এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের সদর উপজেলার ছিনাই এলাকায় হক হিমাগারের সামনে সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আইয়ুব আলী (৫৫) সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন সুপারি ব্যবসায়ী ছিলেন।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে রংপুরমুখী একটি বালুবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা একটিে অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত অপর দুই যাত্রীকে স্থানীয়রা দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাকটি আটক করে।
ওসি মামুনুর রশীদ বলেন, “দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে। নিহতের মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া ট্রাকটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”