× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুড়ীতে কৃষক কার্ডের অর্থ আত্মসাতের অভিযোগ

জুড়ী (মৌলভীবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৬ ১০:৩৫ এএম

আপডেট : ০৩ জুন ২০২৬ ১০:৩৭ এএম

উপজেলা কৃষি কর্মকর্তার কাছে গত ২৪ মে তিন কৃষক লিখিত অভিযোগ দেন। ছবি: সংগৃহীত

উপজেলা কৃষি কর্মকর্তার কাছে গত ২৪ মে তিন কৃষক লিখিত অভিযোগ দেন। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নে কৃষক কার্ডের সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে এক ডিলারের বিরুদ্ধে।

একই সঙ্গে কৃষকদের উপকরণ না দিয়ে কার্ডের মাধ্যমে অর্থ লেনদেনের পরিবর্তে নগদ লেনদেন করার অভিযোগও পাওয়া গেছে।

অভিযুক্ত ব্যক্তি মিজান স্টোরের স্বত্বাধিকারী মিজানুর রহমান। তিনি ফুলতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানের ভাই এবং একই ইউনিয়ন বিএনপির একজন সদস্য।

অভিযোগ অনুযায়ী, গত ১৪ এপ্রিল কৃষক কার্ড কার্যক্রমের আওতায় ফুলতলা ব্লকের ৬৭০ জন কৃষকের ব্যাংক হিসাবে ২ হাজার ৫০০ টাকা করে সরকারি সহায়তা জমা হয়। নিয়ম অনুযায়ী, কৃষকরা নির্ধারিত বিক্রয় কেন্দ্রে কার্ড ব্যবহার করে সার, বীজ, কীটনাশক ও মৎস্য খাদ্য সংগ্রহ করার কথা।

তবে অভিযোগকারীদের দাবি, তারা মিজান স্টোরে কৃষি উপকরণ নিতে গেলে বারবার বলা হয় তাদের কার্ড সক্রিয় নয়। পরে ব্যাংকে খোঁজ নিয়ে তারা জানতে পারেন, তাদের কার্ডে থাকা অর্থ আগেই একাধিক লেনদেনের মাধ্যমে তুলে নেওয়া হয়েছে বা স্থানান্তর করা হয়েছে।

গত ২৪ মে তিন কৃষক—মমতা বুনার্জী, নিরঞ্জন রবিদাস ও শেফালী নায়েক—উপজেলা কৃষি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।

তারা দাবি করেন, ডিলার তাদের অর্থ আত্মসাৎ করেছেন।

এদিকে মঙ্গলবার সোনালী ব্যাংক সূত্রে জানা গেছে, অভিযোগকারী তিন কৃষকের কার্ডের অর্থ চারটি পৃথক লেনদেনের মাধ্যমে ইলেকট্রনিক লেনদেন ব্যবস্থায় মিজান স্টোরের হিসাবে স্থানান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক সজল কর্মকার।

অভিযোগের পর উপজেলা কৃষি অফিস বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটির প্রধান করা হয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম জহরুল হককে। তদন্তে শুধু অভিযোগকারীদের বিষয় নয়, নগদ লেনদেন ও অনিয়মের অন্যান্য অভিযোগও যাচাই করা হচ্ছে।

এদিকে অভিযুক্ত মিজানুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল আলম খান বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ইতোমধ্যে ডিলারের ব্যবহৃত বিক্রয় কেন্দ্রের যন্ত্র জব্দ করা হয়েছে। 

তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ বলেন, কৃষকদের অধিকার ও সরকারি সহায়তা সুরক্ষায় কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা