× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৩ জুন ২০২৬ ১০:০১ এএম

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এ সব ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বুধবার সকালে সুমন কুমার চৌধুরী বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ও রাতে উপজেলার দুইটি পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের এমাদ মিয়ার ছেলে আশিক (২০), কুলিয়ারচর উপজেলার কান্দিগ্রাম এলাকার সিদ্দিক মিয়ার ছেলে রাসেল মিয়া (১৮) এবং গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ভাটিপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য আব্দুস সাত্তার (৫৫)।

আহত ইয়াসিন নামের আরেক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত প্রায় ৯টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কুলিয়ারচর উপজেলার মধূয়ারচর এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা তিন আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন বলেও জানান তারা।

তারা আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আশিক ও রাসেলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইয়াসিনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতি ও অসতর্ক চলাচলের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। রাতের বেলায় যান চলাচল বেড়ে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে।

অপরদিকে একই দিন সন্ধ্যায় উপজেলার ডুমরাকান্দা-দাড়িয়াকান্দি সড়কের একটি নির্মাণাধীন কালভার্ট এলাকায় আরেকটি দুর্ঘটনায় প্রাণ হারান অবসরপ্রাপ্ত সেনাসদস্য আব্দুস সাত্তার।

স্থানীয়দের ভাষ্যমতে, ওই স্থানে গভীর গর্ত থাকলেও সেখানে পর্যাপ্ত সতর্কতামূলক সাইনবোর্ড, ব্যারিকেড বা আলোর ব্যবস্থা ছিল না। সন্ধ্যার অন্ধকারে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তিনি গর্তটি দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ, সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং অবহেলার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)  সুমন কুমার চৌধুরী বলেন, মধূয়ারচর এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

পরে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

পৃথক দুইটি দুর্ঘটনায় তিনজনের মৃত্যুতে কুলিয়ারচর ও ভৈরব এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

স্থানীয়রা সড়ক নিরাপত্তা জোরদার, বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ এবং নির্মাণাধীন সড়কে প্রয়োজনীয় সতর্কতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা