নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ০৩ জুন ২০২৬ ০৯:০৬ এএম
হাসপাতালে আগুনের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছবি: ভিডিও থেকে
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
হাসপাতালের ওষুধের স্টোররুমে মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা যায়, হাসপাতালের নিচতলার স্টোররুমে হঠাৎ করে আগুন দেখতে পান রোগীর স্বজনরা। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. সেলিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি শুধু ধোঁয়া উড়ছে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলমান।
শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. আব্দুল মুনায়েম সাদ বলেন, আগুনে ওষুধ স্টোরের কিছু ঔষধ এবং ইলেকট্রিক তার ক্ষতিগ্রস্থ হয়েছে। তদন্তের মাধ্যমে আগুনের সূত্রপাত জানা যাবে।