বান্দরবান প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৬ ১৯:৩০ পিএম
নাইক্ষ্যংছড়ি থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বান্দরবান নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত মর্টারশেল বিস্ফোরণে সুমিনাইং তঞ্চঙ্গ্যা (১১) নামের এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে।
বাইশফাঁড়ী সীমান্তের ৩৯ ও ৪০ নম্বর পিলার এলাকায় মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত সুমিনাইং তঞ্চঙ্গ্যা উপজেলার বাইশফারী তংচঙ্গ্যা গ্রামের কিংহ্লা তঞ্চঙ্গ্যার ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে মায়ের সঙ্গে জুমে কাজ করতে যায় ওই কিশোর। সে দুপুরের দিকে জুমের বাগানের নিচে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের পাশে একটি পরিত্যক্ত মর্টারশেল কুড়ে পায়। মর্টারশেলটি জুম ঘরে এনে খেলতে থাকে। হঠাৎ বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই কিশোরের মৃত্যু হয়। পরে বিজিবি ও পুলিশের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।
ঘুমধুম ইউপির সাবেক ইউপি সদস্য বাবুল চাকমা বলেন, দুপুরের দিকে কুড়িয়ে পাওয়া মর্টারশেল নিয়ে খেলতে গিয়ে এক কিশোর নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সড়কের পাশে আনা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বলেন, মিয়ানমার সীমান্তে জুমের কাজ করতে গিয়ে এক কিশোর নিহত হয়েছে। কিভাবে নিহত হয়েছে সে বিষয়টি এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে আনা হয়েছে।