রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৬ ১৮:২৪ পিএম
আপডেট : ০২ জুন ২০২৬ ১৮:৩৫ পিএম
গ্রেপ্তারকৃত যুবক আনিছুর রহমান মামুন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আনিছুর রহমান মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার চরবাদাম ইউনিয়নের চরসীতা গ্রামে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান মঙ্গলবার সকালে এ সব তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: রামিসা হত্যা মামলায় আদালতে সোহেলের বিস্ফোরক দাবি, ‘ধর্ষণ করেছি, হত্যা করেছে অন্যজন’ |
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানায়, ওই শিশুটির মূল বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়। সম্প্রতি ঈদ উৎসব উদযাপনের উদ্দেশ্যে সে পরিবারের সদস্যদের সঙ্গে রামগতি উপজেলায় তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার দুপুরে একটি সুযোগ বুঝে যুবক আনিছুর ওই শিশুটিকে জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন। ওই সময় শিশুটির চিৎকার ও আকুতি শুনে আশেপাশের প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলের দিকে এগিয়ে আসলে অভিযুক্ত মামুন সেখান থেকে কৌশলে পালিয়ে যান।
ওসি লিটন দেওয়ান বলেন, অভিযুক্ত মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুটির পরিবার অভিযুক্ত মামুনকে একমাত্র আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃত মামুনকে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে এবং এই বিষয়ে পরবর্তী সমস্ত আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।